চকচকে গ্ল্যামার আর আলো–ঝলমলে আয়োজনে ঢাকা বলিউডের আড়ালে লুকিয়ে থাকে অনেক অজানা গল্প। এবার নিজের অস্বস্তিকর এক অভিজ্ঞতার কথা জানালেন জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়।
সম্প্রতি অপূর্বা মুখিজার সঞ্চালিত অনুষ্ঠান ‘স্পাইস ইট আপ’–এ অতিথি হয়ে এসে মৌনী জানান, যদিও তাঁর কখনো কাস্টিং কাউচের অভিজ্ঞতা হয়নি, তবু মাত্র ২১ বছর বয়সে এক ব্যক্তি তাঁর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করেছিলেন।
‘আমি কিছু বুঝে ওঠার আগেই...’
মৌনী বলেন, “কাস্টিং কাউচ না হলেও খারাপ আচরণের শিকার হয়েছিলাম। তখন আমার বয়স ২১–২২ বছর। এক অফিসে গিয়েছিলাম, যেখানে গল্পের বর্ণনা দেওয়া হচ্ছিল। হঠাৎ একটি দৃশ্যের কথা বলা হলো—একটি মেয়ে সুইমিংপুলে পড়ে অচেতন হয়ে যায়, নায়ক গিয়ে মুখে মুখে শ্বাস দিয়ে মেয়েটিকে জ্ঞান ফিরিয়ে আনে।”
এরপরের ঘটনাটি আজও তাঁকে নাড়া দেয়। মৌনী বলেন, “হঠাৎ ওই ব্যক্তি আমার মুখ ধরে দেখাতে লাগলেন মাউথ-টু-মাউথ রেসপিরেশন কেমন হয়। আমি বুঝতেই পারিনি কী হচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে নিচে নেমে যাই। অনেক দিন ধরে ঘটনাটা আমাকে মানসিকভাবে নাড়া দিয়েছিল।”
তবে অভিনেত্রী ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি। তিনি অভিনেতা, পরিচালক না কাস্টিং এজেন্ট—তা জানাননি মৌনী।
টেলিভিশন থেকে বড় পর্দায় যাত্রা
মৌনী রায় প্রথম পরিচিতি পান ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘কিউকি সাস ভি কাভি বহু থি’–তে অভিনয়ের মাধ্যমে। পরবর্তীতে ‘কস্তুরি’ ও ‘নাগিন’ সিরিজ তাঁকে ঘরে ঘরে পরিচিত মুখে পরিণত করে।
২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ‘রোমিও আকবর ওয়ালটার’, ‘মেড ইন চায়না’ এবং ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান–শিব’–এ ‘জুনুন’ চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
সামনে কী আসছে
আগামীতে মৌনী রায়কে দেখা যাবে পরিচালক ডেভিড ধাওয়ান–এর নতুন রোমান্টিক কমেডি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমায়। এতে তাঁর সঙ্গে অভিনয় করবেন পূজা হেগড়ে ও ম্রুণাল ঠাকুর। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
